ঝিনাইদহ প্রতিনিধি:
নেচে-গেয়ে, ঢাকের কাঠি আর অশ্রুসজল নয়নে দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে ঝিনাইদহে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টা থেকে শহরের নবগঙ্গা নদীর নিরঞ্জন ঘাটে প্রথা অনুযায়ী শুরু হয় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা। ভক্তদের জয়ধ্বনি ও পূজার্চনার মধ্য দিয়ে শেষ হয় ছয় দিনব্যাপী এই মহা আয়োজন।
সনাতন শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, মর্ত্যলোকের বাবার ঘর থেকে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভক্তি-শ্রদ্ধা গ্রহণ শেষে দেবী দুর্গা ফিরে গেলেন স্বামী শিবের ঘর কৈলাসে। আগামী শরতে আবারও নতুন বার্তা নিয়ে তিনি ধরণীতে আবাহন করবেন—এই প্রার্থনায় দেবীকে বিদায় জানানো হয়। শাস্ত্র মতে, এবার দেবীর মর্ত্যে আগমন ঘটেছিল ঘোড়ায় চড়ে এবং প্রস্থান হলো নৌকায়।
বিসর্জন ঘাট ও শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সম্পূর্ণ নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিসর্জনের কার্যক্রম শেষ হয়।
পুরাতন হাটখোলা সার্বজনীন দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ ঘোষ জানান, “বিকেল থেকে অত্যন্ত আনন্দমুখর ও আবেগঘন পরিবেশে নবগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ঝিনাইদহে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। পুরো বিসর্জন পর্বে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবকেরাও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন।”