ঝিনাইদহ প্রতিনিধি:
আধুনিক কলাকৌশল ও বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আখের একরপ্রতি ফলন বহুগুণ বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলসের মিল গেট-বি সাবজোনের উদ্যোগে আখচাষি প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় মিল চত্বরে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মণ্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ. ন. ম. জোবায়ের।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিলের উপ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ ও ঋণ) ইমরুল হাসান, উপ-মহাব্যবস্থাপক (এসআই অ্যান্ড এগ্রো.) কানিজ ফাতেমা, উপ-ব্যবস্থাপক (ইক্ষু সংগ্রহ) মো. রবিউল আলম এবং মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মিলের গেট-বি সাবজোন প্রধান দেবেন্দ্রনাথ মণ্ডল ও সহকারী ব্যবস্থাপক (সম্প্রসারণ)।
প্রশিক্ষণে বক্তারা আখের উৎপাদন বৃদ্ধিকল্পে আধুনিক ও বিজ্ঞানসম্মত চাষাবাদের বিভিন্ন কৌশল বিস্তারিতভাবে তুলে ধরেন। তারা বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী আখের উৎপাদন বাড়িয়ে দেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। আর এজন্য চাষিদের সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
প্রশিক্ষণ সেশনে কৃষকদের সঠিক সময়ে সুষম সার প্রয়োগ, রোগবালাই ও পোকা দমন ব্যবস্থাপনা এবং উন্নত জাতের আখ চাষের মাধ্যমে কীভাবে জমির একরপ্রতি ফলন সর্বোচ্চ পর্যায়ে নেওয়া সম্ভব, সে বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়।
উক্ত প্রশিক্ষণে চিনিকলের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মিল এলাকার স্থানীয় প্রবীণ ও নবীন আখচাষিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে চাষাবাদসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।