অনলাইন ডেস্ক৷।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী কায়দায় লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে। ফলে মানুষের কথা বলার অধিকারে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।’
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘গ্যাস ও জ্বালানিসহ নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। এভাবে চলতে থাকলে আগামী রমজানে সাধারণ মানুষের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা যাচ্ছে না।’
সরকারের সমালোচনার জেরে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এতে মানুষের কথা বলার অধিকারে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এবং দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।’
সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় গাজীপুরের সিফাতসহ সম্প্রতি গ্রেপ্তার হওয়া সবার অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম আরো বলেন, ‘সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয়েছে, কিন্তু পোশাক শ্রমিকসহ বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়নি।’ এ সময় তিনি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানান এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সব পেশাজীবীর বেতনের বিষয়টি সমন্বয় করতে সরকারের প্রতি আহ্বান জানান।