দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনায় সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যেন এখন কিছু ক্লিনিক ও নার্সিংহোমের নিয়মিত ব্যবসায় পরিণত হয়েছে। প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এবং ক্লিনিক্যাল আইন লঙ্ঘন করে যত্রতত্র গড়ে ওঠা নামসর্বস্ব এসব প্রতিষ্ঠানে নামমাত্র চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে দর্শনা পৌরসভার বিভিন্ন ক্লিনিক ও নার্সিংহোমে আকস্মিক ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে।
দামুড়হুদার সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং দর্শনা পৌরসভার প্রশাসক মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চুয়াডাঙ্গার উপসহকারী পরিচালক মো. নজরুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে দর্শনার ‘মডার্ন ক্লিনিক ও নার্সিংহোমসহ’ বেশ কিছু প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিনিরাপত্তা ত্রুটি, লাইসেন্স ও পরিবেশগত নীতিমালা লঙ্ঘন এবং ক্লিনিক্যাল আইনের চরম অবহেলা ধরা পড়ে। মুমূর্ষু রোগীদের জীবন রক্ষাকারী প্রতিষ্ঠানের এমন ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। পরে অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে আর্থিক জরিমানা করা হয়।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী স্বাস্থ্যসেবার নামে সাইনবোর্ড ঝুলিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এসব ক্লিনিকে ফায়ার ফাইটিংয়ের ন্যূনতম ব্যবস্থা না থাকায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং এই নৈরাজ্য বন্ধ করতে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।