মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইজিবাইক চালকসহ চারজন আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন—সদর উপজেলার রাজনগর গ্রামের ইজিবাইক চালক বাবলু, একই উপজেলার সোনাপুর গ্রামের ইদ্রিস আলী ও বলিয়াপুর গ্রামের গোলাম বিশ্বাস। এছাড়া নাম-পরিচয় না জানা অপর এক নারী যাত্রী সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করায় তাঁর পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, মেহেরপুর থেকে একটি বেপরোয়া গতির ট্রাক হেলেদুলে আমঝুপির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক মেহেরপুরের দিকে আসার পথে বিএটি এলাকার কাছাকাছি পৌঁছালে ট্রাকটি সেটিকে সজোরে চাপা দেওয়ার চেষ্টা করে। বড় ধরনের প্রাণহানি ও মুখোমুখি সংঘর্ষ এড়াতে চালক তাৎক্ষণিকভাবে ইজিবাইকটিকে রাস্তার পাশের খাদে নামিয়ে দেন। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে চালকসহ চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় পথচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ইদ্রিস আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।