কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে শহরের জুগিয়া চরপাড়া শ্মশানঘাটের পূর্ব পাশে বালুর টিলায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজাউল হক।
এসআরবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের জুগিয়া চরপাড়া শ্মশানঘাটের পূর্ব পাশে বালুর টিলায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও এক রাউন্ড লাল রংয়ের লীডবল কার্তুজ ও এক রাউন্ড সাদা রংয়ের রাবার কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে এসআরবি।