অনলাইন ডেস্ক।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে । আজ রোববার (১ নভেম্বর) উপজেলা অডিটোরিয়ামে জাতীয় যুব দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মেহেঃ মতিয়ার রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “৫৪ বছর পর আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। এখন সংসদে সরকারি দল ও বিরোধী দল—আমরা যারা আছি, সবাই মজলুম। আমার জানামতে, এখানে কোনো ফ্যাসিস্ট নেই। গত ১৭ বছর আমরা লোকচক্ষুর অন্তরালে অন্ধকারে ছিলাম।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুর রহমান, পৌর জামায়াতের আমির মোহাদ্দেস আব্দুল কাইয়ুম, বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, এলাঙ্গী বিএনপির সভাপতি ইকরামুল হক, এনসিপি নেতা হৃদয় আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলম, উষার পরিচালক আব্দুল হান্নান এবং বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলীসহ অন্যরা।
এ ছাড়া অনুষ্ঠানে যুব উন্নয়ন কার্যক্রমের উপকারভোগী যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা উপকারভোগী যুবক-যুবতীদের হাতে ঋণের চেক তুলে দেন।