অনলাইন ডেস্ক।।
নরসিংদীর পলাশে স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগনিকে দিয়ে পর্ন ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক গিয়াস উদ্দিন (৪০) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ঘোনাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরেনরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকার ইসলাম সিএনজি সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন ওই ভাড়া বাসায় নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগনির পর্ন ভিডিও তৈরি করতেন। পরবর্তীতে এসব ভিডিও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নসাইটে বিক্রি করতেন। তার ব্যাংক অ্যাকাউন্টেও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায় গোয়েন্দারা।
প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি স্বপরিবারে মাধবদীর ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় চলে যাওয়ার পরিকল্পনা করেন গিয়াস। পরে তারা পাইকসা এলাকার মঞ্জুর মোর্শেদ লিটন নামের এক ব্যক্তির নবনির্মিত ভবনে বাসা বদল করেন।
গোপন সূত্রে এই তথ্য পাওয়ার পর এনএসআইয়ের একটি দল তাদের মালামাল বহনকারী গাড়িটির ওপর নজরদারি শুরু করেন। পরবর্তীতে পলাশ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ওই বাসা থেকে পর্নোগ্রাফি সংক্রান্ত নানা আলামত পাওয়া গেছে। অন্য কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।