ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে অনুমোদন ছাড়া ক্ষতিকারক ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল মৎস্য খাদ্য তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে আরও দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকাসহ মোট তিন ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত ময়মনসিংহ জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলার বৈলর ইউনিয়নের বড়পুকুর পাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম।
অভিযানকালে অনুমোদন ছাড়া ক্ষতিকারক ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল মৎস্য খাদ্য তৈরির অপরাধে ‘মেসার্স সুজন ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মোছা. রিনা আক্তারকে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে ‘মেসার্স লতিফ ট্রেডার্স’-এর মালিক মানিক মিয়াকে ৫ হাজার টাকা এবং ‘বঙ্গ ট্রেডিং করপোরেশন’-এর মালিক রুবেল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ত্রিশাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন জানান, অনুমোদনহীন ক্ষতিকারক উপাদান দিয়ে তৈরি এসব খাদ্য খেলে প্রাণীর শরীরে মারাত্মক প্রভাব পড়ার পাশাপাশি ক্যানসারসহ নানা জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির ব্যবহৃত উপাদানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং ব্যাখ্যা সন্তোষজনক না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি আপাতত বন্ধ রাখা হয়েছে। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন উপস্থিত ছিলেন।