কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় দীর্ঘদিনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে ওত পেতে জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। ইমন নামে অপর এক স্কুলছাত্রের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে থানাপাড়ার ‘কিচেন ক্লাব’-এর কাছে ওই শিক্ষার্থীর ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করার সুবাদে পরিবারটি কুষ্টিয়া শহরের থানাপাড়ায় ভাড়া বাসায় বসবাস করে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরে জাকিয়া। বাসার সামনে দাঁড়িয়ে গেট খোলার অপেক্ষা করছিল সে। এ সময় কালো শার্ট পরা ইমন হঠাৎ সেখানে গিয়ে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত ইমন। পরে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

পরিবারের অভিযোগ, মজমপুর এলাকার ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। সেও একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। কোচিংয়ে পড়ার সময় থেকেই জাকিয়াকে বিরক্ত করত সে। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য বন্ধ ছিল। তবে ইমনের অভিভাবকদের কাছে বিচার দেওয়ার জেরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন জাকিয়ার পরিবার।

জাকিয়ার মা সুমি আক্তার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, ইমনের অভিভাবকদের জানানোর পর কিছুদিন বিরক্ত করেনি। তবে সোমবার সুযোগ বুঝে হত্যার উদ্দেশ্যে তার মেয়েকে ছুরিকাঘাত করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে ভুক্তভোগীর খোঁজখবর নিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন তার আঘাত গুরুতর হলেও অবস্থা আশঙ্কামুক্ত। এ ঘটনায় অভিযুক্তকে আটকে অভিযান চালানো হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।