বিনোদন ডেস্ক।।
টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করলেও অভিনয় দিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের নজর কাড়েন তিনি। বর্তমানে নাটক ও ওয়েব সিরিজে নিয়মিত কাজ করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী।
তবে এবার অভিনয় নয়, বরং চমকের একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরেই শুরু হয়েছে আলোচনা। সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘অনেক দিন চুপ ছিলাম। আর না। আজকেই সব সামনে আনবো। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা।’
চমকের এমন বক্তব্যের পর থেকেই ভক্ত ও নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। ঠিক কোন বিষয় নিয়ে এতদিন নীরব ছিলেন এবং কী প্রকাশ করতে যাচ্ছেন, সে সম্পর্কে অবশ্য কোনো বিস্তারিত তথ্য জানাননি অভিনেত্রী।
এদিকে, তার পোস্টের বিষয়বস্তু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। অনেকেই ধারণা করছেন, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে পারেন চমক। আবার কারও মতে, শোবিজ অঙ্গনের কোনো ঘটনা বা অভিজ্ঞতা নিয়ে এবার মুখ খুলতে পারেন এই অভিনেত্রী।
তবে এসব আলোচনা এখনো নেটিজেনদের অনুমানেই সীমাবদ্ধ। চমকের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে অভিনেত্রীর পরবর্তী বক্তব্যের অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও অনুসারীরা। এখন দেখার বিষয়, কী সেই অজানা তথ্য, যা প্রকাশের ইঙ্গিত দিয়েছেন রুকাইয়া জাহান চমক।