যশোর প্রতিনিধি:

যশোর সদরের ছোট মেঘলা এলাকার ‘মিনা ব্রিকস’-এ হামলা, চাঁদা দাবি, নগদ টাকা, ইট ও মূল্যবান কয়লা লুটের ঘটনার ২৫ মাস পর তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১২০–১৩০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের লেয়াকত হোসেনের ছেলে কামরান হোসেন বাদী হয়ে যশোরের আদালতে এ মামলা করেন।

মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহমেদ ইমন অভিযোগের সত্যতা তদন্ত করে পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—যশোর শহরের পালবাড়ি এলাকার আনারুল ইসলাম, খুলনার পাইকগাছার সাহাপাড়ার রিপন গাজী এবং সাতক্ষীরার শ্যামনগর থানার ষোলা গ্রামের কাউছার আলী গাজী।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁর বাবা লেয়াকত হোসেন লিজ নিয়ে ‘মিনা ব্রিকস’ নামের ইটভাটাটি পরিচালনা করে আসছিলেন। ২০২৪ সালের ৬ আগস্ট বিকেলে একদল দুর্বৃত্ত সীমানাপ্রাচীর ভেঙে ইটভাটায় প্রবেশ করে অফিসে ভাঙচুর চালিয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ক্যাশ কাউন্টার ভেঙে নগদ ১০ লাখ টাকা, প্রস্তুত রাখা ৩০ লাখ টাকা মূল্যের তিন লাখ পিস ইট এবং মজুত করা মূল্যবান কয়লা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

এছাড়া ভাটায় বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করে চার লাখ টাকার ক্ষতিসাধন করার পাশাপাশি কামরান হোসেনের বাড়িতেও হেলমেট পরা একদল সন্ত্রাসী ভাঙচুর চালিয়ে আরও পাঁচ লাখ টাকার ক্ষতি করে। ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ না করায় বাধ্য হয়ে ২৫ মাস পর বিচার চেয়ে আদালতে এ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন বাদী।