অনলাইন ডেস্ক।।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন নুসরাত তাবাসসুম।

ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত লেখেন, ‘বাচ্চাসহ ৬/৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিল স্বরাষ্ট্রমন্ত্রী! পেট্রোলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তুপকে বলে দিলেন শর্ট সার্কিটের ফলাফল!’

তিনি আরও লেখেন, ‘আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারো বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েকগুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না। যাই হোক, এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোন জবাব চাই না।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে নুসরাত তাবাসসুম লেখেন, ‘আমার লিস্টের সম্মানিত বিএনপি সমর্থক সহনাগরিকগণ, আপনাদের কাছে জানতে চাই, আমার বিশ্বাস এই হামলা লীগের কুকুররা করেছে। সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীসাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’

তিনি লেখেন, ‘আমার ৭ জন ঘুমিয়ে থাকা বাড়ি যদি পরিত্যক্ত হয় তাহলে ঢাবি এফবিএস, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনও কি পরিত্যক্ত?’