চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
সুজন-সুশাসনের জন্য নাগরিক প্রতিষ্ঠার দীর্ঘ ২৪ বছরের অভিযাত্রা উদযাপনে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই যুগ পূর্তি উৎসব। ‘সুশাসন ও জনসচেতনতাই উন্নয়নের মূল চাবিকাঠি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় বুদ্ধিজীবী এবং গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় ‘দৈনিক সময়ে সমীকরণ’ কার্যালয়ের মিলনায়তনে কেক কাটা ও বিশেষ আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান। জেলা কমিটির কোষাধ্যক্ষ ও সাংবাদিক মেহেরাব্বিন সানভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী। স্বাগত বক্তব্য রাখেন সুজনের জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজনের জেলা সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান জোয়ার্দ্দার, এসএম জাহিদ ইকবাল, সহসভাপতি জিয়াউর রহমান এবং কার্যনির্বাহী সদস্য লিজা হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা পর্ব শেষে কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি চুয়াডাঙ্গা শহরের কোর্ট ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে কেক কেটে সুজনের দুই যুগের সফল পথচলাকে স্মরণ করা হয়। সভাপতির বক্তব্যে সুজন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি প্রফেসর সিদ্দিকুর রহমান বলেন, “একটি শোষণমুক্ত, দুর্নীতিহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে সুজনের যাত্রা শুরু হয়েছিল, দীর্ঘ ২৪ বছর ধরে সেই লক্ষ্য অর্জনেই নিরলস কাজ করে যাচ্ছে সংগঠনটি। বর্তমান প্রেক্ষাপটে সুশাসন কেবল একটি শব্দ নয়, এটি দেশের সামগ্রিক অগ্রগতির পূর্বশর্ত।