মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘জান্নাত বেকারি’ সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে ১৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর)সন্ধায় ছোটদাপ কলেজ মোড়ে অবস্থিত ওই বেকারিতে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায়। অভিযান সূত্রে জানা যায়, অভিযুক্ত বেকারিটি দীর্ঘদিন ধরে অত্যন্ত অস্বাস্থ্যকর ও অননুমোদিত পরিবেশে ভেজাল খাদ্যপণ্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল। অভিযানে বেকারি পরিচালনার বিভিন্ন অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়টি উঠে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেকারিটি সিলগালা করা হয় এবং প্রতিষ্ঠানটির মালিক মোঃ জলিলকে ১৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল গনি উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট স্যানেটারি ইন্সপেক্টর জানান, বেকারিটির অনিয়মের বিষয়টি আগে থেকেই নজরে ছিল।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসিনতা ও স্বেচ্ছাচারিতার কারণে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ফকিরগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় কিছু বেকারি প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, কতর্ৃপক্ষের নজরদারির অভাবে উপজেলার বিভিন্ন বাজারের হোটেল-রেস্তোরাগুলোতেও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রি হচ্ছে।
সচেতন মহল মনে করেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নজরদারি প্রয়োজন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।