ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলার মহেশপুরে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে নূর মোহাম্মদ (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে যশোরের চৌগাছা উপজেলার বুড়িন্দ্রিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহেশপুর উপজেলার পোড়াদহ মাঠে লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে নূর মোহাম্মদকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লুৎফর রহমানের ছেলে জসিম উদ্দিনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়।

হত্যাকাণ্ডের পর থেকেই আসামিকে গ্রেপ্তারে মাঠে নামে মহেশপুর থানা পুলিশ। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে চৌগাছার বুড়িন্দ্রিয়া গ্রামে জসিমের এক ভাগ্নির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম জানান, আটকের পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।