চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। শনিবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন ড্রিল শেডে এ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন সমস্যা, কল্যাণমূলক বিষয়, আবাসন, চিকিৎসা, কর্মপরিবেশ এবং সার্বিক সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. রেজাউল করিম পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিকতা ও সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের কল্যাণ ও সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ সময় তিনি সব পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবামূলক কার্যক্রমে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের প্রতিটি সদস্যের কল্যাণ, পেশাগত নিরাপত্তা ও কর্মস্পৃহা বৃদ্ধিতে জেলা পুলিশ সর্বদা আন্তরিক। পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি দক্ষ, জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ।
বিশেষ কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট পুলিশ পরিদর্শক, রিজার্ভ ইন্সপেক্টর (আরআই), ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন), সব ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।