চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চার বছরের প্রেমের সম্পর্কের টানাপোড়েন ও প্রেমিকার অন্যত্র বিয়ের প্রস্তুতির বিষয়টি মেনে নিতে না পেরে মালয়েশিয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম শামীম (২৫) নামের এক প্রবাসী যুবক। মৃত্যুর নয় দিন পর শনিবার ভোররাতে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। পরে সকাল ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

নিহত সাইফুল ইসলাম শামীম চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামের নুর আলীর ছেলে। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১টার দিকে মালয়েশিয়ায় কর্মস্থলে অবস্থানকালে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবারের অভিযোগ, চার বছর আগে চুয়াডাঙ্গার সুবদিয়া গ্রামের বাসিন্দা ও এক সেনাসদস্যের (সার্জেন্ট) মেয়ের সঙ্গে শামীমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সূত্র ধরে তরুণীটি শামীমের কাছ থেকে নিয়মিত নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেন। এমনকি বিয়ের আশ্বাস দিয়ে শামীমের হাতে আংটিও পরিয়ে দেওয়া হয়েছিল বলে জানান স্বজনরা। সম্প্রতি শামীম জানতে পারেন, ওই তরুণী অন্য এক যুবকের সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে তরুণী জানান, তাঁর পরিবার শামীমকে মেনে নিচ্ছে না।

বিষয়টি নিয়ে মানসিকভাবে মারাত্মক ভেঙে পড়েন শামীম। পরিবারের দাবি, ঘটনার দিন রাতে ওই তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময়ই চরম মানাভিমান ও ক্ষোভে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহতের দুলাভাই আসাদুজ্জামান বলেন, “শামীম খুবই সাদাসিধে স্বভাবের ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ হাতিয়ে নেওয়া হয়েছে। এই প্রতারণা সে সহ্য করতে না পেরে নিজের জীবনটাই শেষ করে দিল।” নিহতের ভাগ্নে তুহিন আহমেদ জানান, মামার ব্যবহৃত মোবাইল ফোনটি পেলে এ ঘটনার পেছনের আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে।

এক তরুণ প্রবাসীর এমন মর্মান্তিক মৃত্যুতে কালুপোল গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আনা প্রতারণা ও প্ররোচনার অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।