অনলাইন ডেস্ক।।
খাবারে ভেজাল রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যশোরে পিঠা, পুরি, পেঁয়াজুর দোকান থেকে শুরু করে সব ধরনের রেস্তোরাঁ ও খাদ্য ব্যবসায় আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। তবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, শুধুমাত্র বৈধ ও পৌরসভার নম্বরধারী দোকানদারেরাই এই নিবন্ধনের আওতায় আসছেন, অবৈধ বা ভ্রাম্যমাণ দোকানদারেরা পাচ্ছেন না।
নাগরিক জীবনে কর্মব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরের বাইরের খাবারের ওপর মানুষের নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। এ সুযোগে নামী রেস্তোরাঁ থেকে শুরু করে রাস্তার ধারের ছোট টং দোকানÑসবখানেই অতিরিক্ত মুনাফা অর্জনের এক অশুভ প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রেই খাবারের মানের চেয়ে মুনাফাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়।
খাবারে ভেজাল রোধে জাতীয় এই সংকট মোকাবিলায় সরকার রাস্তার পাশের খাবারের দোকান, ফুডকার্ট থেকে শুরু করে বড় রেস্তোরাঁ পর্যন্ত খাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক করেছে। জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) গত ১ নভেম্বর থেকে দেশব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পিঠা, পুরি, সিঙ্গাড়া, পেঁয়াজুসহ নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসা এবং খাদ্যপণ্যের ক্ষেত্রে এই নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক করে। এর ফলে ছোট ছোট খাবারের দোকানগুলোও এখন থেকে আইনি কাঠামোর আওতায় আসছে। ফলের জুস, কেক, পেস্ট্রি বা বেকারি শপ, ক্যাটারিং সেবা প্রতিষ্ঠান, প্যাকেটজাত খাদ্য উৎপাদনকারী, মিষ্টির দোকান, দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী, কাঁচা ও তাজা খাবার ছাড়া অন্যান্য আমদানিকারক, রাস্তার পাশের পিঠা-পুরি-পেঁয়াজুর দোকান, মুদি দোকান, খাদ্য সংরক্ষণাগার, কোল্ড স্টোরেজ এবং ভোজ্যতেল ও লবণ উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ এই নির্ধারিত খাদ্য ব্যবসার অন্তর্ভুক্ত।
যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়, ভৈরব চত্বর, চৌরাস্তা ও গরিবশাহ সড়কসহ বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত গড়ে উঠছে নতুন নতুন খাবারের দোকান। এর মধ্যে শুধু দড়াটানা মোড় থেকে গরিবশাহ সড়ক পর্যন্ত প্রায় দুইশ’র মতো খাবারের দোকান রয়েছে। এগুলোর অনেক মালিকই নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে এখনো ওয়াকিবহাল নন। শহরের অন্যান্য প্রান্তের দোকানদার ও ফুডকার্ট ব্যবসায়ীদের মধ্যেও রয়েছে একই রকম অজ্ঞতা। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যশোরের তথ্যমতে, গত ১ নভেম্বর থেকে এ পর্যন্ত নিবন্ধনের জন্য মাত্র ৮টি আবেদন জমা পড়েছে।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিধান অনুযায়ী লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা দণ্ডনীয় অপরাধ। এসব লাইসেন্স ও নিবন্ধনের মেয়াদ হবে তিন বছর, যা মেয়াদ শেষে নবায়ন করতে হবে। প্রাথমিকভাবে জেলা কার্যালয় থেকে আবেদন করা গেলেও ধাপে ধাপে শতভাগ অনলাইন আবেদন চালুর প্রক্রিয়াও হাতে নেওয়া হয়েছে।
খাদ্য ব্যবসায় নতুন এই নিবন্ধনের ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। বেজপাড়ার বাসিন্দা লাকী নুরজাহান বলেন, “রাস্তার পাশের দোকান থেকে শুরু করে বড় রেস্তোরাঁÑকোথাও খাবারে ভেজাল ঠেকানো যাচ্ছে না। এই নিবন্ধনের ফলে বৈধভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সবাই খাবারের মান বাড়াতে সচেষ্ট হবেন।”
রাজধানী থেকে আগত ফরহাদ হোসেন বলেন, “খাবারে ভেজাল একটি জাতীয় সমস্যা। এটি মোকাবিলায় নিবন্ধন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।” লোন অফিসপাড়ার আকবর রনি একে সময়োপযোগী পদক্ষেপ উল্লেখ করে বলেন, “এতে ব্যাঙের ছাতার মতো যত্রতত্র দোকান গড়ে ওঠার প্রবণতা কমবে, তবে ভেজালবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে।”
অন্যদিকে, মাঠপর্যায়ের ব্যবসায়ীদের মধ্যে এখনো সচেতনতার ঘাটতি রয়েছে। দড়াটানার পিঠা বিক্রেতা জাহিদুল ইসলাম জানান, তিনি নিবন্ধনের বিষয়টি সম্পর্কে এখনো কিছু জানেন না। জুলাই স্মৃতিস্তম্ভসংলগ্ন এলাকার আরিফুল ইসলাম বলেন, “আমার স্থায়ী দোকান রয়েছে। নিবন্ধনের বিষয়টি বিস্তারিত না জানলেও মনে করি এটি সবার জন্যই ভালো হবে।”
এ বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যশোরের জেলা কর্মকর্তা আব্দুর রহমান জানান, “যাদের স্থায়ী বা নির্দিষ্ট ঠিকানা রয়েছে এবং পৌরসভার নম্বর আছে, কেবল ১২ ক্যাটাগরির সেই খাদ্য ব্যবসায়ীদেরই আমরা লাইসেন্স দিচ্ছি। যেসব অস্থায়ী দোকানদারের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই এবং বৈধ লাইসেন্স বা পৌরসভার নম্বর নেই, তাদের আমরা নিবন্ধন দিচ্ছি না। এখন পর্যন্ত ৮টি আবেদন জমা পড়েছে। আমরা চাই শহরের সকল বৈধ ব্যবসায়ী নিবন্ধনের আওতায় আসুক।”