অনলাইন ডেস্ক।।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে সোহেল (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সোহেল বরিশালের বাসিন্দা। তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ভারগাঁও নন্দীপুর এলাকার মো. আলীর বাড়িতে কবুতর চুরি করার সময় বাড়ির মালিক বিষয়টি টের পান। এ সময় তিনি ‘চোর’, ‘চোর’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে সোহেলকে আটক করেন। পরে তাকে পাশের নন্দীপুর নতুন মসজিদ এলাকায় নিয়ে পিটুনি দেওয়া হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জহাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ করা হয়নি। তদন্ত চলছে।