অনলাইন ডেস্ক।।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পোষা ঘুঘু পাখিকে টোপ হিসেবে ব্যবহার করে বন্য ঘুঘু শিকারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ২১টি ঘুঘু উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বায়োডাইভার্সিটি ইয়ুথ কানেক্ট (বিওয়াইসি)। পরে আজ সোমবার (১৬ নভেম্বর) উপজেলা প্রশাসনের উপস্থিতিতে পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

সংগঠনটির সদস্যরা জানান, গত রোববার (১৫ নভেম্বর) ফোনকলের মাধ্যমে উপজেলার শ্যামপুর গ্রামে পাখি শিকারের খবর পান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মূল স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে দুই ব্যক্তিকে পাখি শিকাররত অবস্থায় শনাক্ত করেন। এ সময় তাঁদের ব্যাগ ও খাঁচা থেকে ২১টি ঘুঘু উদ্ধার করা হয়। তবে ধস্তাধস্তির একপর্যায়ে ১০টি পাখি উড়ে যায়। পরে বাকি পাখিগুলো উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার হওয়া পাখি ও আটক ব্যক্তিদের শ্যামপুর ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের বাড়ি যশোরের নোয়াপাড়ায় বলে জানান। পাশাপাশি দীর্ঘদিন ধরে পাখি শিকারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁদের ভাষ্য, শিকার করা ঘুঘু যশোর শহরে প্রতিটি ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করতেন।

ঘটনাটি জানাজানি হলে মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীরা জড়ো হন। সেখানে বিওয়াইসির সাধারণ সম্পাদক আরাফাত রহমান পাখি শিকারের ক্ষতিকর দিক ও জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। মাদ্রাসার একজন শিক্ষকও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা শেষে শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেরা পাখি শিকার না করা এবং এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে ভূমিকা রাখার অঙ্গীকার করে। পরে গ্রামবাসী ও শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আটক দুই ব্যক্তির কাছ থেকে ভবিষ্যতে পাখি শিকারে জড়িত না থাকার বিষয়ে ভিডিও মুচলেকা নেওয়া হয়। এ সময় তাঁদের ব্যবহৃত শিকারের সরঞ্জাম, খাঁচা ও পাখি জব্দ করা হয়।

এর ধারাবাহিকতায় সোমবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে উদ্ধার হওয়া ঘুঘুগুলো আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, বিওয়াইসির উপদেষ্টা ও চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নওরোজ সাঈদ, আলমডাঙ্গা সরকারি কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহবুব আলম, চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের সভাপতি সাঈদ এম হিরন, সাধারণ সম্পাদক আরাফাত রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, দক্ষতা উন্নয়নবিষয়ক সম্পাদক আর. এ. তামান্না, নদ-নদীবিষয়ক সম্পাদক এ. এইচ. তারিফ এবং সদস্য শাওন আহমেদ ও নাফিজ আহমেদ। এ ছাড়া স্থানীয় সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।

বিওয়াইসির সদস্যরা জানান, বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণে জনসচেতনতা তৈরি এবং অবৈধ শিকার প্রতিরোধে তাঁদের কার্যক্রম অব্যাহত থাকবে। তাঁদের মতে, শুধু উদ্ধার অভিযান নয়, মানুষের মধ্যে পাখি ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তৈরি করাও জরুরি। বিশেষ করে নতুন প্রজন্মকে জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্বুদ্ধ করা গেলে প্রকৃতির ওপর মানুষের ক্ষতিকর প্রভাব কমানো সম্ভব।

প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখির অবাধ বিচরণ নিশ্চিত করতে শিকারের পরিবর্তে সংরক্ষণের মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।