মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ২৫৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকার চেক প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ শাহাজাহান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মানিক প্রমুখ।
উল্লেখ্য যে, কয়েকমাস আগে আটোয়ারী উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টিতে কৃষি ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে গম,ভুট্টা, পেঁয়াজ-মরিচসহ বিভিন্ন ফসল ও সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি অসংখ্য পরিবারের বসতঘরের টিনের চালা শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। এতে অনেক পরিবার আর্থিক ও আবাসন সংকটে পড়ে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের দুর্ভোগ লাঘব এবং বসতঘর মেরামতে সহায়তা করতেই সরকারের পক্ষ থেকে এ ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক বলেন, ক্ষতিগ্রস্তের বিষয়টি বিবেচনায় নিয়ে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির-এর প্রচেষ্টায় বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিল ও সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল হতে যৌথভাবে উপজেলার ছয়টি ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫৩ পরিবারের মাঝে মোট ২৫৩ বান্ডিল ঢেউটিন ও ৭ লক্ষ ৫৯ হাজার টাকা বিতরণ করা হয়।