দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
দেশজুড়ে ককটেল বিস্ফোরণ, অরাজকতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দামুড়হুদা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় কৃষি ব্যাংকের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ও সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আফজালুল হক সবুজ। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে ককটেল বিস্ফোরণ, অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। জননিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।