অনলাইন ডেস্ক (দৈনিক পদ্মা সংবাদ):

বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ও ইমেজ ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল শনিবার ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) প্রদত্ত এক বিশেষ বাণীতে তিনি এ মন্তব্য করেন।

সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানিয়ে বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। বাংলাদেশের জন্মসংগ্রামের সঙ্গে আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত।” তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা, যা সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য ও গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত।

মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণ করে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনী ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করায় রণাঙ্গনের যুদ্ধ নতুন মাত্রা পায়।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষায় আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী যেমন অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে, তেমনি বিশ্বশান্তি রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। দেশের প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে তাদের বলিষ্ঠ ভূমিকা বাহিনীকে জনগণের আস্থার প্রতীকে পরিণত করেছে।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ধারা তুলে ধরে বাণীতে বলা হয়, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, পেশাদার ও আধুনিক বাহিনীতে রূপান্তরিত করার সূচনা করেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও এই আধুনিকায়ন অব্যাহত থাকে। বর্তমান সরকারও উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তি নির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে ব্যাপক পদক্ষেপ বাস্তবায়ন করছে।

বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থান—সব ক্ষেত্রেই সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষ্ঠা ও দক্ষতার জন্য তাদের এই সম্মান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে গৌরবান্বিত করেছে।

পরিশেষে, মুক্তিযুদ্ধে আত্মদানকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণোৎসর্গকারী সকল বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এবং ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।