অনলাইন ডেস্ক।।
দেশের বিভিন্ন স্থানে আগুন-সন্ত্রাসের ঘটনায় সরকার কোনো চাপে নেই। বর্তমানে সন্ত্রাসীদের মোকাবেলায় সরকার সহনশীলতার দেখালেও প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ শুক্রবার সন্ধ্যায় সিলেটের দাড়িয়াপাড়া এলাকায় নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে আজ ভোরে মন্ত্রীর বাসার ফটকে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘আমার বাসার গেটে আগুন দিয়ে দৌড় দিয়েছে। একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে, জয় বাংলা বলেই দৌড়, খুঁজে মিলে না। জয় বাংলা জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগে পরিণত হয়েছে। তবে তাদের সাহস নেই। আগুন দিয়ে পালিয়ে যায়।’

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না, প্রত্যর্পণ চুক্তিতে হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে আনা হয়। শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে। আরও অনেক মামলা আছে অপেক্ষায়। তার জায়গা কোথায়, বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের আইনের শাসন ব্যবস্থা দেখিয়ে দিয়েছে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছিল, তাদের আমরা অবশ্যই ধরব এবং আইনের আওতায় আনব।’