যশোর সংবাদদাতা :

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিপাতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের টুরিস্ট স্পট তালিকায় থাকা জগদীশপুর গ্রামের সাড়ে ৬’শ বছরের প্রাচীন চারটি তেঁতুল গাছের একটির বিশাল ডাল ভেঙে পড়েছে। শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে মিয়া বাড়ি সংলগ্ন সড়কের পাশে থাকা গাছটির মূল ডাল ভেঙে পড়ে।

ডাল ভেঙে পড়ার শব্দে এবং খবরে ঘটনাস্থলে শত শত গ্রামবাসী জড়ো হন। স্থানীয়দের মতে, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের একটানা বৃষ্টিতে গাছের ডাল ভিজে নরম হয়ে যায়। অন্য ডালের ভার ধরে রাখতে না পেরে মূল ডালটি ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ভেঙে পড়া ডালটি সরিয়ে নেন।

গ্রামের বাসিন্দা রোকনুজ্জামান জানান, শনিবার দুপুর ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে বিশাল ডালটি ভেঙে পড়ে। এতে প্রাচীন গাছটির বড় ক্ষতি হয়েছে।

স্থানীয় প্রবীণ ব্যক্তি আব্দুল হামিদ (৬৫) ও আবু মুসা (৭০) জানান, গাছগুলোর বয়স সাড়ে ৬’শ বছরের বেশি। তাঁদের ভাষ্য অনুযায়ী, ১৯৮২ সালে মিয়া বাড়ির সন্তান সাবেক সচিব এম মনিরুজ্জামানের সঙ্গে ইতালির একটি বিশ্ববিদ্যালয়ের এক উদ্ভিদবিজ্ঞানী গ্রামে আসেন। তিনি বিশেষ যন্ত্রের সাহায্যে গাছের ভেতরের অংশ পরীক্ষা করে ল্যাবে পাঠান। পরবর্তী সফরে তিনি জানান, পরীক্ষা অনুযায়ী গাছগুলোর বয়স তখনই ৬’শ ৩০ বছর ছিল। সেই হিসাব ধরে বর্তমানে গাছগুলোর বয়স সাড়ে ৬’শ বছরের বেশি।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা মুস্তাদুদ দস্তগীর জানান, জগদীশপুরের চারটি তেঁতুল গাছ পর্যটন কর্পোরেশনের টুরিস্ট স্পট তালিকায় রয়েছে। একটি গাছের ডাল ভেঙে পড়ার খবর তিনি পেয়েছেন এবং ফায়ার সার্ভিস ডালটি অপসারণ করেছে।

গ্রামবাসীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৭০০ থেকে ৮০০ বছর আগে বুড়ি ভৈরব নদে চর পড়ে স্রোত বন্ধ হয়ে গেলে সেখানে বন-জঙ্গল ও স্থলভাগ তৈরি হয়। তারই একটি অংশ জগদীশপুর। প্রায় সাড়ে ৩’শ বছর আগে জগদীশ ঘোষ নামের এক ব্যক্তি এখানে বসতি গড়েন, যার নামানুসারে গ্রামটির নাম হয় জগদীশপুর। দীর্ঘ সময় পার হলেও গাছগুলোর শাখা-প্রশাখা সবুজ ছিল। মিয়া বাড়ির পক্ষ থেকে গাছের গোঁড়ায় বাঁধানো চাতাল করে দেওয়া হয়েছে, যেখানে গ্রামের মানুষ বসেন। পাশাপাশি লক্ষ্মীপেঁচা, বাদুড়, শালিক, চড়ুই ও রাতকানা পাখিসহ নানা পাখির আশ্রয়স্থল ছিল এই গাছগুলো।

বড় ডালটি ভেঙে পড়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পাখি ও বন্যপ্রাণীর আবাসস্থল নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।