অনলাইন ডেস্ক।।
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, গার্মেন্টস খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। এসময় আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান বলে মন্তব্য করেন।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ২য় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডা।

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের পাশাপাশি শ্রমিকের স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা সমান গুরুত্ব পাবে। প্রতিটি শ্রমিক যেন দিন শেষে সুস্থ ও নিরাপদে তার পরিবারের কাছে ফিরে যেতে পারেন।’

শ্রমিক ও মালিকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আজকের এই শ্রমিক-মালিকের মিলনমেলায় আগামী বছর আমি শ্রমিক ও মালিকদের মধ্যে একটি ভালো সম্পর্ক দেখতে চাই।’

মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশাবাদ ব্যক্ত করে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি আশা করব, এই মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা, আমাদের শিল্পমালিকদের প্রত্যাশা এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে।’

দেশে চলমান ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের এই দেশের ভেতরে যে ধরনের ষড়যন্ত্র চলছে, এ বিষয়ে জনগণ সচেতন আছেন। শ্রমিক ও মালিকদের প্রতিও আমরা অনুরোধ করব, আপনারাও যেন সজাগ থাকেন। আমরা সকলে সজাগ থাকলে এ ধরনের দুর্বৃত্তায়ন থেকে রক্ষা পাব।’

শ্রমিকদের কল্যাণে হাসপাতাল নির্মাণের উদ্যোগের কথা তুলে ধরে শ্রমমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের কল্যাণের স্বার্থে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ছয়টি ১০০ বেডের হাসপাতাল করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে হাসপাতাল নির্মাণের জন্য জমি দেখার কার্যক্রম শুরু হয়েছে। আমরা খুব অল্প সময়ের মধ্যেই এসব হাসপাতালের কার্যক্রম শুরু করব।’

বর্তমান সরকার শ্রমিকবান্ধব উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মনে হয়, বর্তমান সরকার অত্যন্ত শ্রমিকবান্ধব সরকার। আমরা আশা করি, শ্রমিক ও মালিক মিলে এ দেশের শিল্পে একটি আমূল পরিবর্তন আনব।’

সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার,আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এম্প্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।