ঝিনাইদহ সংবাদদাতা।।

ঝিনাইদহের পোড়াহাটি এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে এসআরবি-৬। এ ঘটনায় হৃদয় হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ছবি- প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ হৃদয় হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, ঝিনাইদহ ক্যাম্প।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ৯ নম্বর পোড়াহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হৃদয় হোসেন ওই গ্রামের সাহেব হোসেনের ছেলে।

এসআরবি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল পোড়াহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হৃদয় হোসেনের বসতঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়। এ ঘটনায় হৃদয় হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিনাইদহ সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধার করা মাদকসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামিম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।