বিনোদন ডেস্ক।।
দীর্ঘ পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই গায়িকা। আজ বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
বিবৃতিতে ন্যানসি জানান, দুজনের সম্মতিতেই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একসময় যে পথচলা দুজনের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল, নানা স্মৃতি ও অভিজ্ঞতায় ভরা সেই অধ্যায়ের এবার সমাপ্তি ঘটছে।
বিচ্ছেদের এই সময়ে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের কাছে ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধ জানিয়েছেন ন্যানসি। তাঁর ভাষ্য, তাঁদের সিদ্ধান্তকে যেন সবাই বোঝেন এবং সম্মান করেন।
জীবনের নতুন অধ্যায় নিয়ে আশাবাদী এই শিল্পী। নতুন বাস্তবতাকে শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সঙ্গে গ্রহণ করার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি কঠিন সময়ে পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যানসি। পরের বছরের জুনে তাঁদের সংসারে জন্ম নেয় একটি কন্যাসন্তান।
এর আগে আরও দুটি বিয়ে হয়েছিল ন্যানসির। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। তাঁদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান রোদেলা। ২০১২ সালে সেই সংসারের বিচ্ছেদ হয়। এরপর ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন এই গায়িকা। দ্বিতীয় সংসারেও এক কন্যাসন্তানের মা হন তিনি। ২০২১ সালে ওই সংসারের বিচ্ছেদের খবর জানিয়েছিলেন ন্যানসি।
২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন ন্যানসি। এরপর অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পান তিনি। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতবার মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন এই শিল্পী।