দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
রাজধানীর লালমাটিয়া থেকে মুমতারিন ফেরদৌস ডরিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে। তাঁর বয়স ২৪ বছর।
বুধবার রাতে ডিএমপির গোয়েন্দা শাখার ওয়ারী বিভাগ লালমাটিয়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ডরিনকে আটক করে। বৃহস্পতিবার এ তথ্য জানান ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মোহাম্মদ শাহিন।
পুলিশের এই কর্মকর্তা জানান, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
আনোয়ারুল আজীম কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, যার কার্যক্রম এখন নিষিদ্ধ। ২০২৪ সালের ১৩ মে ভারতের কলকাতায় খুন হন তিনি।