যশোর প্রতিনিধি:
যশোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শংকরপুর ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ এখন প্রাণিসম্পদ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ফলে বিদেশ থেকে কোনো প্রাণিসম্পদ বা পশু আমদানি করতে হচ্ছে না। দেশেই মানসম্মত প্রাণিসম্পদ উৎপাদিত হচ্ছে, যা অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির প্রক্রিয়ায় রয়েছে। সরকার এ খাতকে আরও সম্ভাবনাময় করতে নানা পদক্ষেপ নিয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মমতাজ বেগম ও অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক বখতিয়ার রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং খামারি আল আমিন।
আলোচনা সভার আগে হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী প্রদর্শনীতে বিভিন্ন খামারি ও প্রতিষ্ঠানের ১৫টি স্টল অংশ নেয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেটেরিনারি চিকিৎসক সৌরভ কুমার ঘোষ।