শরীয়তপুর সংবাদদাতা।।
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েইব্রাহিম সিপাহী নামে শরীয়তপুরের এক যুবলীগ কর্মী এবং নিজামউদ্দিন মৃধা নামে মাদারীপুরের এক আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

আজ রোববার শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে এবং নিহত নিজামউদ্দিন মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শামসুদ্দিন মৌলভীরকান্দি এলাকার দাদন মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এদিকে তাদের কর্মসূচি প্রতিহত করতে গতকাল শনিবার রাত থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই এলাকায় অবস্থান করছিলেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণ চলে। সংঘর্ষের একপর্যায়ে গুলিতে যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী এবং আওয়ামী লীগ কর্মী নিজামউদ্দিন মৃধা নিহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সেখানে বিএনপির নেতাকর্মীদের কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। এ সময় ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এছাড়া পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে থাকা ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করা হয়। এতে রেস্তোরাঁর আসবাবপত্রসহ ভেতরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। পরে তিনি বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল থেকে সরে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। তারা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাওডোবা এলাকায় যান। সকাল ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হয়। বর্তমানে পদ্মা সেতু দিয়েও যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের কারণে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, লকডাউনকে কেন্দ্র করে যাতে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছিলেন। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়। কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাস্থল শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায়। সেখানে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ শিবচরের এক বাসিন্দা ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন।