অনলাইন ডেস্ক।।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টাকা ও ভোটব্যাংক নিয়ে নির্বাচনে জিতে আট মাস পর বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে আওয়ামী লীগের গোপন সমঝোতা ভেঙে গেছে। এখন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করতে না পেরে তারা জাতীয় ঐক্যের কথা বলছে। তবে বিএনপির নেতৃত্বে আর কোনো ঐক্য হবে না।’

সারাদেশে আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতার প্রতিবাদে আজ রোববার বিকেলে রাজশাহীতে আয়োজিত দলীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপি জাতীয় ঐক্য ভঙ্গ করেছে। এতে বিএনপির প্রতি জনগণের আস্থা কমে গেছে।’

রাজশাহীতে আলুপট্টি মোড় থেকে নাহিদ ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করা হয়। ছবি: আমাদের সময়

তিনি আরও বলেন, ‘ভারতসহ বিশ্বের পাঁচটি পরাশক্তি আওয়ামী লীগের সঙ্গে থাকলেও এ দেশের রাজনীতিতে তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। এবারের লড়াই সীমান্ত সুরক্ষিত করা এবং নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের লড়াই।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘গঙ্গা চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাবে। নতুন কোনো চুক্তি হবে কিনা তা এখনো জানি না। এই অঞ্চলের মানুষদেরকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে ভারত। সেই ষড়যন্ত্রে যোগ দিচ্ছে এই দেশের পতিত আওয়ামী লীগ শক্তি। ফলে আমাদের এবারের লড়াই সীমান্তকে সুরক্ষিত করার লড়াই, নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের লড়াই।’

সংগঠনটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, ‘কয়েকটি গণমাধ্যম অবৈধ অস্ত্র রামদা, চাইনিজ কুড়ালকে এখন লগি বইঠা বলে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। আমরা এই মিডিয়াগুলোকে চিনে রাখছি ও ডকুমেন্টেড করছি। স্বৈরাচারের পক্ষে তথাকথিত সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী আর সুশীল সেজে যারা সম্মতি উৎপাদন করবেন, ভারতের দালালি করবেন, আওয়ামী লীগের পা চাটবেন, তাদেরকে এই বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হবে।’

এর আগে, নগরীর আলুপট্টি মোড় থেকে নাহিদ ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করা হয়।