মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের প্রায় ১৫ দিন পর সাইনের সন্ধান মিলেছে ভারতের অভ্যন্তরে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে গত ১৩ নভেম্বর তাকে ভারতের কৃষ্ণনগর থানায় হস্তান্তর করা হয়। সম্প্রতি বিএসএফের পাঠানো একটি প্রতিবাদলিপির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে বিজিবির একটি সূত্র জানিয়েছে।
জানা যায়, মহেশপুর উপজেলার তেঁলটুপি গ্রামের সন্টু মিয়ার ছেলে শাহিন রেজা ওরফে সাইন গত ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নিখোঁজ হন। পরিবারের অভিযোগ, ওই দিন কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলযোগে তাকে বাড়ি থেকে নিয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মহেশপুর থানায় লিখিত অভিযোগও করা হয়।
এদিকে বিএসএফের কাছে আটক সাইন স্বীকার করেছেন, তারা ৫-৬ জন একসঙ্গে ভারতে প্রবেশ করেছিলেন। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তিনি বিএসএফের হাতে আটক হন।
গত ২৬ নভেম্বর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের কাছে পাঠানো এক প্রোটেকশন নোটিশে বিষয়টি জানায় প্রতিপক্ষ ছুটিপুর ক্যাম্পের বিএসএফ। নোটিশে উল্লেখ করা হয়, গত ১৩ নভেম্বর রাত ৪টার দিকে সাইন বিএসএফের হাতে আটক হন। পরে ভারতের প্রচলিত আইন অনুযায়ী তাকে কৃষ্ণনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
৫৮ বিজিবির অধিনায়ক রফিকুল আলম জানান, বিএসএফের পক্ষ থেকে পাওয়া তথ্য শনিবার সাইনের পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত দরখাস্ত পাওয়ার পর একজন উপপরিদর্শক (এসআই) তদন্ত করছেন। তদন্তে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, সাইন ভারতে আটক হয়েছেন।
নিখোঁজের ঘটনায় পরিবারের উদ্বেগের মধ্যে ভারতে আটকের খবর পাওয়ায় বিষয়টি নতুন মোড় নিয়েছে। বর্তমানে সাইন ভারতের কৃষ্ণনগর থানায় রয়েছেন বলে বিএসএফের পাঠানো তথ্য থেকে জানা গেছে।