যশোর সংবাদদাতা।।

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়, এরপর বন্ধুত্ব, ভালো লাগা থেকে প্রেম। সেই প্রেমের টানেই হাজার মাইল দূরত্ব পেরিয়ে মালয়েশিয়া থেকে বাবা-মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসে বিয়ে করলেন নূর হায়াতি। যশোরের শার্শা উপজেলার বাহাদুপুর ইউনিয়নের ডুপ পাড়া গ্রামের সোহাগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মালয়েশিয়ার কুয়ালালামপুরের এই তরুণী।

জানা যায়, সোহাগ দীর্ঘ ১৫ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়েছেন। সেখানে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পরিচয় হয় নূর হায়াতির সঙ্গে। প্রথমে অনলাইনে পরিচয় ও কথোপকথন, পরে বন্ধুত্ব। একপর্যায়ে দুজনের মধ্যে গড়ে ওঠে গভীর ভালোবাসার সম্পর্ক।

প্রায় ছয় মাসের পরিচয় ও সম্পর্কের মধ্যেই একে অপরের প্রতি বিশ্বাস, আন্তরিকতা ও ভালোবাসা আরও দৃঢ় হয়ে ওঠে। পরে তারা অনলাইনের পরিচয়কে বাস্তব জীবনের বন্ধনে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন।

সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ১৮ নভেম্বর বাবা-মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন নূর হায়াতি। এরপর যশোরের শার্শা উপজেলার বাহাদুপুর ইউনিয়নের ডুপ পাড়া গ্রামে সোহাগের বাড়িতে দুই পরিবারের সম্মতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের তরুণী নূর হায়াতি এবং বাংলাদেশের সোহাগের এই বিয়ে দুই দেশের ভিন্ন সংস্কৃতি ও জীবনযাত্রার মানুষকে ভালোবাসার বন্ধনে এক করেছে। হাজার মাইলের দূরত্ব কিংবা ভিন্ন দেশের পরিচয় তাদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

বর্তমানে সোহাগের বাড়িতেই নতুন সংসার শুরু করেছেন নূর হায়াতি। দীর্ঘ ১৫ বছরের প্রবাসজীবনের অধ্যায় পেরিয়ে সোহাগের জীবনেও শুরু হয়েছে নতুন পথচলা। অন্যদিকে, ভালোবাসার মানুষের সঙ্গে নতুন জীবন গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছেন নূর হায়াতি।

টিকটকে শুরু হওয়া পরিচয় থেকে দুই পরিবারের সম্মতিতে বিয়ে সোহাগ ও নূর হায়াতির এই ঘটনা এলাকায় ভিন্ন দেশের দুই মানুষের ভালোবাসার গল্প হিসেবে আলোচনায় এসেছে। তাদের এই নতুন জীবনের পথচলা সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক, এমন প্রত্যাশা স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের।