হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় শব্দ ও ধোঁয়া দেখা দেওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। এ সময় উড়োজাহাজে থাকা ৪২০ যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত নামতে গিয়ে কয়েকজন যাত্রী ব্যথাও পেয়েছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আজ রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। বিমানবন্দরের ফ্লাইট সূচি অনুযায়ী, এটি ইউএস-বাংলার বিএস-৩৬১ ফ্লাইট।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, উড্ডয়নের সময় কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় পাইলট উড়োজাহাজটি আর ওড়ানোর সিদ্ধান্ত নেননি। পরে সেটি দ্রুত রানওয়ে থেকে ট্যাক্সিওয়েতে সরিয়ে নেওয়া হয়। সেখানে থাকা ৪২০ যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।

তিনি আরও জানান, তাড়াহুড়ো করে নামার সময় কয়েকজন যাত্রী ব্যথা পেয়ে থাকতে পারেন। বর্তমানে উড়োজাহাজটির ত্রুটি পরীক্ষা করে দেখছেন প্রকৌশলীরা। তবে এ ঘটনার কারণে বিমানবন্দরের অন্যান্য ফ্লাইটের ওঠানামায় কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিক রয়েছে বিমান চলাচল।