চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার দর্শনা চিনিকলের ​২০২১-২২ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকালে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার চিনিকলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে এবারের মাড়াই মৌসুম উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহহমান অপু, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রমুখ।


চলতি মৌসুমে কেরু চিনিকল এলাকায় আখের চাষ কম হয়েছে। এজন্য এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্ধেকে নেমে এসেছে। কেরু মিলজোনে আখ চাষ হয়েছে ৪ হাজার ৬শ’ ২৭ একর জমিতে। এছাড়াও পার্শবর্তী কুষ্টিয়া চিনিকলের ৪ হাজার মেট্রিক টন আখ কেরু চিনিকলে মাড়াই করা হবে।
৩০ থেকে ৪০ মাড়াই দিবসে প্রতিদিন গড়ে ১১ শ’ ৫০ মোট্রিক টন আখ মাড়াই করবে চিনিকলটি। ৫৫ থেকে ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৬ শ’ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আরোহনের হার ধরা হয়েছে ৬ ভাগ।।