অনলাইন ডেস্ক।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদা ব্যতীত দাফনের ঘটনা তদন্তে ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে হাইকোর্ট বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করে এ ধরনের ঘটনা সহ্য করার নয় বলে জানান।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সৈয়দ সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন কাজী মাইনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।

জানা গেছে, ৩১ জানুয়ারি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান না করার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে এ রিট করা হয়। দ্রুততম সময়ে মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারের কবরস্থানে ‘গার্ড অফ অনার’ দেয়ার নির্দেশনা চাওয়া হয় এ রিট পিটিশনে।

বাদীপক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট দায়ের করেন। এ রিট আবেদনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব, কিশোরগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, কোনো বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর তাকে রাষ্ট্রীয় সম্মান জানায় প্রশাসন। গার্ড অব অনার দিতে সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকেন জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে সরকারের প্রতিনিধি হয়ে মরদেহে জাতীয় পতাকা জড়িয়ে ফুলেল শ্রদ্ধাও জানানো হবে থাকে।

২৮ জানুয়ারি রাতে বাজিতপুর পৌরসভার দক্ষিণ রাবারকান্দির বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদার বার্ধক্যজনিত কারণসহ নানা রোগে মারা যান। খবর পেয়ে পুলিশ উপস্থিত হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপস্থিত থাকায় এ বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দিতে পারেনি পুলিশ। ২৯ জানুয়ারি বিকাল ৩টার দিকে স্থানীয় রাবারকান্দি কবরস্থানে দাফন করা হয় তাকে।

বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করার বিষয়টি এলাকাবাসীর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়।

অবশ্য এ ব্যাপারে তখন যোগাযোগ করা হলে বাজিতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মাদ মোরশেদা খাতুন জানিয়েছিলেন, প্রকৃতপক্ষে আবদুল মোতালেব শিকদারের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়। তিনি দীর্ঘদিন ধরে বাজিতপুরে থাকতেন। গেজেটে নাম দেখাতে না পারায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া সম্ভব হয়নি।