এম এম রহমান।।

জেলা সদরের আধারা ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে রয়েছে জেলার সর্ব বৃহৎ কবরস্থান । সেই কবরস্থানের জায়গায় বসবাস করছেন কাঠুরে ইব্রাহিম ঢালী । স্থানীয়রা জানান , ইব্রাহিম গাছ কাটার কাজ করে তার সংসার চালাতেন । গ্রামে কারও বাড়ীতে গাছ কেটে লাকড়ির প্রয়োজন হলে ডাক পড়ে তাঁর । বর্তমানে গ্রামের অধিকাংশ বাড়ীতে রান্নার কাজে ব্যবহৃত হচ্ছে এলপি গ্যাস । অনেকে নিজেদের জমিতে ধইঞ্চা বুনে লাকড়ির চাহিদা মেটাচ্ছেন । এলাকায় বনভূমি কমে যাওয়ার পাশাপাশি ইব্রাহিমের আয়ের উৎস কমে গেছে।


এদিকে বিবাহিত জীবনে তার সংসারে ২ ছেলে ১ মেয়ে রয়েছে। দুই ছেলের বয়স ৭ ও ৮। মেয়ের বয়স ১০ বছর সে মাদ্রাসায় পড়াশোনা করে । তিনটি সন্তান রেখে প্রায় ৫ বছর পূর্বে তার স্ত্রী সিলেটের এক ধনাঢ্য ব্যক্তিকে বিবাহ করে নতুন সংসার শুরু করেন । তখন থেকে কাঠুরে ইব্রাহিম তিনটি সন্তানকে লালন পালন এবং নিজের পেশাকে আঁকড়ে ধরে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন । সরকারি ঘর পাওয়ার জন্য আবেদন করলেও এখনও তিনি পাননি সেই কাঙ্ক্ষিত ঘর । গ্রামের লোকজন মাঝে মধ্যে তাকে কিছুটা আর্থিক সহায়তা করলেও সংসারের ছেলে মেয়েদের খরচ মিটাতে হিমশিম খেতে হয় তাকে । কাঠুরে ইব্রাহিম বলেন , ‘ আমার আর আগের মতো কাম নাই । মাঝে মধ্যে কারো বাড়ীর গাছ কাটার দরকার হলে আমার ডাক পড়ে । এখন মাসে সর্বোচ্চ ৭ দিন কাজ থাকে । যা আয় হয় তা দিয়ে পেট চালানো আর ছেলেমেয়ের খরচ চালাতে খুব কষ্ট হয় । কবরস্থানের জায়গায় ছাপড়া তুলে বসবাস করি । ছেলে সন্তানদের ভবিষ্যত নিয়ে চিন্তায় আছি । ওরা বড় হলে মানুষ বলবে ওদের ঠিকানা কি? সরকার যদি ছেলে সন্তানদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই করে দিতো তাহলে অনেক উপকার হতো । ‘তিনি আরও বলেন , ‘সরকারি ঘর পাওয়ার জন্য একাধিকবার নাম দিছি কিন্তু কোন কাজ হচ্ছেনা । ‘ গ্রামবাসীদের সাথে কথা হলে তারা জানান , ইব্রাহিমের এখন একটি স্থায়ী বসবাসের ব্যবস্থা দরকার । পাশাপাশি দরকার তার আয়ের একটি উৎস । ইব্রাহিমের পিতা পেশায় একজন কাঠুরে ছিলেন । ইব্রাহিমও পিতার মতো এই পেশাকে ধরে রেখেছেন । সরকার যদি তাকে পূনর্বাসনের ব্যবস্থা করেন তাহলে সে তার ছেলে সন্তানদেরকে নিয়ে মাথা গোঁজার একটি ঠাঁই পাবে । সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার বলেন , এই বিষয়টি আমাদের জানা ছিলো না । তার বিষয়ে খোঁজ খবর নিবো । কিভাবে লোকটাকে পুনর্বাসনের আওতায় আনা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।।