দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে দর্শনা কেরুজ বাজার মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১) জুন আসর নামাজের পরে দর্শনা পৌর ইমাম সমিতির আয়োজনে কেরুজ বাজার মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান।

সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন অনুষ্ঠানে দলটির মুখপাত্র নূপুর শর্মা কটূক্তি করেন। এরপর দিল্লি থেকে তাদের আরেক নেতা নবীন কুমার মুহাম্মদ সা:-এর ব্যক্তিগত জীবন নিয়ে ঘৃণাসূচক টুইট করেন। এরপর মুসলিম দেশগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। অনেক দেশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে, অনেক দেশে জনগণ ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। এ নিয়ে চাপে পড়ে ভারত বিজেপির অভিযুক্ত দুই নেতার একজনকে সাময়িকভাবে, অন্যজনকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করেছে। বিজেপির নেতৃত্বে ভারতে প্রতিনিয়ত সংখ্যালঘু বিশেষ করে মুসলমানরা পীড়নের শিকার হচ্ছেন।

উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে ইমাম সমিতির সভাপতি ও দর্শনা পুরাতন বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও দর্শনা শ্যামপুর মসজিদের ইমাম শাহ আলম , দর্শনা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা ওসমান গনি ,দক্ষিণ চাঁদপুর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ হাবিবুর রহমান, দর্শনা রেল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জুনায়েদ আল আজাদ, দক্ষিণ চাঁদপুর স্কুল পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, কেরু এন্ড কোম্পানির জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শামসুজ্জোহা , ঈশ্বরচন্দ্রপুর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান সহ দর্শনার আশপাশের ৩৬ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, ১২ শ মুসল্লিরা এ বিক্ষোভ সামাবেশে অংশ নেয়।।