আবারও প্রতারণায় নেমেছেন ভণ্ড কবিরাজ আসমাআইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর ভন্ড কবিরাজ আসমা বেগমের প্রতারণা কিছুদিন বন্ধ থাকলেও সম্প্রতি আবারও শুরু করেছেন ‘জিন হাজির’ করে সর্বরোগের চিকিৎসা। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত যশোর সদর উপজেলার নওদাগাঁর নিজ বাড়িতে তিনি বিভিন্ন রোগের চিকিৎসা দিচ্ছেন। ২০২১ সালের জুলাই মাসে কবিরাজি চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে তার ডেরায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি আবারও একই কারবার শুরু করেছেন। তিনি গ্রামে প্রচার করছেন সকল জটিল ও কঠিন রোগের সমাধান তার জানা! নিঃসন্তান দম্পতিকে দেন সন্তান জন্ম দেয়ার দাওয়াই। শুধু তাই না, প্রেমে রাজি করানো, স্বামী-স্ত্রীর মনোমালিন্য দূরীকরণ, স্বামীকে বশ করাসহ যাবতীয় সমস্যা সমাধান করে থাকেন। এমন প্রচারণা করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, নওদাগাঁর মকসেদ আলী সড়কের মিজানুর রহমান ওরফে মিজানের স্ত্রী আসমা। মিজানুর রহমান শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী। এক সময় তাদের নুন আনতে পান্তা ফুরোতো। হঠাৎ একদিন আসমা বেগম গ্রামে প্রচার করেন, তিনি রাতে ঘুমের মধ্যে স্বপ্নে সর্বরোগের ওষুধ লাভ করেছেন। খবরটি গ্রামে দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর থেকে শুরু হয় আসমা বেগমের কবিরাজি ও সর্বরোগের ওষুধ প্রদান। এ সময় ফ্রিতে মানুষকে তদবির দিতেন। বর্তমানে তার ফি তিন হাজার টাকা। ওই টাকা পরিশোধ না করলে তার সাথে সাক্ষাৎ করা সম্ভব না। বর্তমানে বসবাস করে আলীশান বাড়িতে। সেবার নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।নওদাগাঁয় কবিরাজি চিকিৎসার নামে আসমার রমরমা প্রতারণা
টাকা হারিয়ে গেছে মর্মে তদবির আনতে কবিরাজ আসমার বাড়িতে গেলে জানানো হয়, টাকা পাওয়া যাবে তবে তার জন্য তিন হাজার টাকা হাদিয়া দিতে হবে। টাকা দিতে রাজি হলে, বাড়ির সামনে একটি কবরের কাছে গিয়ে আসমা সাধনায় বসেন। সাধনা শেষে জানানো হয়, তিনি ‘জিন হাজির’ করে জানতে পেরেছেন টাকা কোথায় আছে। দুইদিন সময় দিলে তিনি টাকা উদ্ধার করে দেবেন বলে জানান। এ সময় কবিরাজকে গণমাধ্যম কর্মী পরিচয় দিয়ে বলা হয় কোনো টাকা খোয়া যায়নি। তাহলে তিনি কীভাবে ‘জিন হাজির’ করে টাকার সন্ধান দিবেন! এভাবে কবিরাজ আসমা বেগমের প্রতারণা ধরা পড়ে গেলে তিনি ক্ষমা চান। মানুষের সাথে আর প্রতারণা করবেন না বলেও জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, স্ত্রীকে বশ করার জন্যে কবিরাজের কাছে গিয়েছিলাম। পাঁচ হাজার টাকার বিনিময়ে দুইটি তাবিজ দিয়েছিল। কোনো কাজ হয়নি। সময় মতো টাকা পরিশোধ না করতে পারায় কবিরাজকে একটি ছাগল হাদিয়া দিতে হয়েছে।
যশোর মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল গণি খান জানান, যেকোনো ধরনের তাবিজতো নয়ই, বরং কোরআনের আয়াত লেখা তাবিজও ব্যবহার করা যাবে না। রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি তাবিজ ঝোলাল, সে ব্যক্তি কুফরি করল এবং শিরক করল।
সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস জানান, রোগে আক্রান্ত হলে কুসংস্কার বিশ্বাস না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কবিরাজের ফাঁদে পা দিয়ে বহু মানুষ জীবন হারিয়েছে। ঝাড়ফুঁকের মাধ্যমে নিঃসন্তান দম্পতিকে সন্তান জন্ম দেয়ার দাওয়াই স্রেফ গুজব।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, কেউ যদি কবিরাজি চিকিৎসার নামে প্রতারণার ফাঁদ পেতে টাকা আত্মসাৎ করে তাকে ছাড় দেয়া হবেনা। অভিযোগ গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।