জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, দেশে সব সেক্টরেই দুর্নীতি হচ্ছে, তবে দুর্নীতির আখড়া হচ্ছে বিদ্যুত ও জ্বালানি খাত। এখানের বিষয়াদি গোপন থাকে বলে মানুষ জানতে পারে না। আমি এক সময়ে জ্বালানি খাতে চাকরি করতাম সে কারণে দুর্নীতির অনেক খবর পাই।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সম্মিলিত সনাতন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার আচার্য।

এ সময়ে জাপা চেয়ারম্যান আরো বলেন, দেশ চলছে আল্লাহর ওয়াস্তে। সরকার মানুষের পেটে তিনবার লাথি মেরেছে উল্লেখ করে তিনি বলেন, একবার রিজার্ভ সংকটের ফলে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বেশি দামে আমদানি করে দ্রব্যমূল্য বাড়িয়ে এবং আবার তেলের দাম বাড়িয়ে মানুষের পেটে লাথি মারা হয়েছে।