কোথা থেকে বিএনপির এতো টাকা আসে, এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোন ব্যবসায়ী, কোন শিল্পপতি বিএনপিকে কতো টাকা দিয়েছে, সব খবর আমরা জানি। সময়মতো তাদের জবাব দিতে হবে।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে সাভারের রেডিও কলোনি মাঠে সাভার-ধামরাই উপজেলা এবং আশুলিয়া থানা আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়েতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাতীয় সংসদ থেকে বিএনপির সাত সদস্যের পদত্যাগের ঘোষণার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদে আওয়ামী লীগের বিশাল সংখ্যাগরিষ্ঠতা আছে। বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই।
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যায়িত করে তিনি বলেন, এর জন্য দলটিকে অনুতাপ করতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি পুলিশের ওপর হামলা করেছে। হামলা হলে কি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবে? পুলিশ চুপ করে থাকবে? আত্মরক্ষা তো তাদেরও করতে হবে।
রাজধানীর নয়াপল্টনে বুধবার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, বিএনপি নয়াপল্টনে সমাবেশে অনুমতি পাওয়ার আগেই প্রস্তুতি নিয়েছিলো। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ ১৬০ বস্তা চাল, হাঁড়ি-পাতিল, মশারি, মশার কয়েল এসব পেয়েছে। এসব নিয়ে নয়াপল্টন ঘিরে তারা ‘পিকনিক পার্টি’ শুরু করেছিলো।
র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিতে বিএনপি লবিস্ট নিয়োগ করেছিলো বলে দাবি করেন ওবায়দুল কাদের। সমাবেশে তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে খবর এসেছে। বাংলাদেশের জন্য ভালো খবর আর ষড়যন্ত্রকারীদের জন্য খারাপ খবর। যুক্তরাষ্ট্র ৯টি দেশের ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে। সেখানে বাংলাদেশ নেই। বিদেশি বন্ধুরা এখন বাস্তবতা অনেকটাই বুঝতে পেরেছে। সামনে আরো বুঝতে পারবে।
আজকের সমাবেশে মঞ্চে অনেক নেতাকর্মীর ভিড় ছিলো। কিন্তু মাঠের এক পাশ ছিলো ফাঁকা। এতে বিরক্তি প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, আজ এই সমাবেশ মঞ্চ থেকে তাকিয়ে দেখছি, নেতা আর নেতা। সিকি নেতা, আধুলি নেতা, পাতি নেতা, সব নেতা। কর্মী কোথায়?