দীর্ঘ সাত বছর পর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বর্তমান কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দার ছেলুন সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ কে সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত করা হয়েছে ।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে সোলায়মান হক জোয়ার্দার ছেলুনের সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনের ১ম পর্ব শুরু হয়।
সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন. ‘খেলা হবে, ২০২৪ সালের জানুয়ারিতে ফাইনাল খেলা হবে। তিনি দলের সব স্তরের নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং ফাইনাল খেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

এছাড়া ওবায়দুল কাদের বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা করে আরও বলেন. তারা সরকার পতনের খোয়াব দেখা শুরু করেছেন। খোয়াব দেখা ভালো। কিন্তু রাজপথে এসে নাশকতা, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির চেষ্টা করবেন না। করলে আপনাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলারক্ষকারী বাহিনী চরম ব্যবস্থা গ্রহণ করবে।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফর উল্লাহ। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, ‘দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এ সময়ে অত্যন্ত সুসংগঠিত। অতএব কেউ পার পাবেন না।’

২০১৫ সালের ২ ডিসেম্বর টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ সাত বছর পর সোমবার (১২ ডিসেম্বর) চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো।।