মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার মেট্রোরেলের উদ্বোধন অনুষ্ঠান থেকে নতুন এ স্মারক নোট অবমুক্ত করবেন।

এর পরদিন বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিস থেকে এটি সংগ্রহ করা যাবে। ফোল্ডার ছাড়া শুধু খামসহ স্মারক নোটের দর নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। ফোল্ডার ও খামসহ ১০০ টাকা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত নোটটি ১৩০ মিমি × ৬০ মিমি পরিমাপের। নোটের সম্মুখভাগের বাঁ পাশে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে মেট্রোরেলের ছবি সংযোজন করা হয়েছে।
নোটের পেছনভাগে মেট্রোরেলের অপর একটি ছবি দেওয়া হয়েছে। নোটের সম্মুখভাগে ‘বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ, যানজট কমাবে মেট্রোরেল’ এবং পেছনভাগে ইংরেজিতে একই কথা লেখা।

শতভাগ কটন কাগজে নোটের সামনের ডান এবং বাঁ কোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘৫০’, নিচে ডান কোণে মূল্যমান বাংলায় ‘৳৫০’ এবং উপরিভাগে মাঝখানে ‘পঞ্চাশ টাকা’ লেখা। নোটের পেছনভাগে ওপরে বাঁ কোণে ইংরেজিতে ‘৫০’ এবং নিচে বাঁ কোণে বাংলায় ‘৳৫০’ লেখা রয়েছে।