নিজস্ব প্রতিবেদক।

যুবলীগ নেতা নয়নকে হত্যাচেষ্টা মামলার অন্যতম পলাতক আসামীকে ঢাকা হতে গ্রেফতার করছে র‌্যাব-৬।

ভিকটিম নয়ন এর সাথে ধৃত আসামীসহ তার সহযোগীদের রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব হতেই বিরোধ চলে আসছিল। এরই জেরধরে গত ২৮ ডিসেম্বর ২০২২ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.১৫ ঘটিকার সময় ভিকটিম যুবলীগ নেতা নয়ন ইসলাম(৩২) শহর থেকে নিজ বাড়ীতে ফিরছিল। ফেরার পথে ভিকটিম ঝিনাইদহ সদর থানার বয়রাতলা ফকিরপাড়া এলাকায় পৌছলে গ্রেফতারকৃত আসামীসহ তার সহযোগীরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার রডসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমকে এলোপাথাড়িভাবে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত গুরুতর জখম করে। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা ভিকটিমকে ঝিনাইদহ সদর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ভিকটিমকে ঢাকা পঙ্গু হাসাপাতালে রেফার্ড করে। এ বিষয়ে ভিকটিমের পিতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে গত ২৯ ডিসেম্বর ২০২২ তারিখে ঝিনাইদহের সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
আরও পড়ুন : নীলফামারীতে ১০০ বোতল ফেনসিডিলসহ মা-ছেলে আটক
এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ জানুয়ারি ২০২৩ তারিখ র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত হত্যাচেষ্টা মামলার অন্যতম পলাতক আসামী ঢাকা মহানগরীর মহাখালী এলাকায় আত্নগোপন করে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি ঢাকা মহানগরীর মহাখালী এলাকায় একই তারিখ ০১.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে আসামী-১। মোঃ এনামুল কবির বিপ্লব(৩৮), থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।