পাকিস্তানে বিয়ের আসর থেকে ফেরার সময় বাস দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আরো ৬৪ জন আহত হয়েছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলার কল্লর কাহার এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এসব তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, ব্রেকফেল হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা তিনটি গাড়িকে ধাক্কা দেয়।
চকওয়ালের জেলাপ্রশাসক কুরাত-উল-আইন জানান, দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৬৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় হতাহতের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আহতদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।