যশোরে ভরণপোষণ না দেয়ায় ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক পিতা। মঙ্গলবার সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের ইসহাক মোড়ল এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করেছেন। আসামি লোকমান মোড়ল বর্তমানে কৃষ্ণবাটি গ্রামে বসবাস করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, লোকমান মোড়লের মা তার পিতা ইসহাক মোড়লকে তালাক দিয়ে চলে গেছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। তাকে দেখাশুনা করার মতো একমাত্র ছেলে লোকমান ছাড়া আর কেউ নেই। এর আগে তিনি অসুস্থ হলে লোকমান তার পিতার সব সম্পত্তি নিজের নামে লিখে নেন। শর্ত ছিল বাবার মৃত্যুর আগ পর্যন্ত ভরণপোষণের দায়িত্ব নিবেন। গত ১ মার্চ দুপুরে ইসহাক মোড়ল ছেলে লোকমানের বাড়িতে খাবার খেতে গেলে সে জানায় তাকে আর খাবার দিতে পারবে না। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে পিতাকে লোকমান গালিগালাজ ও মারপিট করে তাড়িয়ে দেয়। এরপর থেকে লোকমান তার পিতার খোঁজখবর নেয়নি। নিরুপায় হয়ে তিনি ভরণপোষণের দাবিতে আদালতে মামলা করেছেন।।