স্টাফ রিপোর্টার।।
নির্বাচনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা ডুসাকের নতুন কমিটি গঠন

ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের প্রতীক্ষা- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে নতুন কমিটি পেল ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা ডুসাক। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে আলমডাঙ্গার মো: সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে চুয়াডাঙ্গা সদরের মোস্তফা ইকবাল হৃদয়।

গতকাল ১৭ জুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ২য় তলায়, শহীদ মুনির চৌধুরী অডিটোরিয়ামে এই ভোট গ্রহণের আয়োজন করা হয়। নির্বাচন কমিশনের সকল কমিশনারের উপস্থিতিতে বেলা ৩ টা থেকে ৫ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে। ভোট গ্রহণের সময় ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ডুসাক উপদেষ্টা মো: আবদুল মান্নানকে প্রধান নির্বাচন কমিশনার করে গত সোমবার ৭ সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন মো: রুহুল আমিন মল্লিক, ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো: রুহুল কুদ্দুস শিপন, ডুসাকের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন তাজ, সাবেক ছাত্র নেতা কাজী সাদরুল উলা বাবু, ডাকসুর সাবেক সদস্য ফরিদা পারভীন এবং ঢাবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসিবুল হোসাইন হাসিব। নির্বাচনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুসাক উপদেষ্টা পলাশ খন্দকার, শফিকুল ইসলাম এবং নাজমুল ইসলাম সুজন এবং মিনহাজুল আবেদীন কুয়াশা।

ভোটগননা শেষে ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক সিনিয়র সাংবাদিক আহমেদ পিপুলের উপস্থিতিতে সকল ছাত্র-ছাত্রীদের সামনে প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আবদুল মান্নান। এসময় ছাত্র-ছাত্রীরা করতালি দিয়ে নতুন নেতৃত্বকে স্বাগত জানায়।

নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন মো: আরাফাত হোসেন অভি, মো: সাইফুল ইসলাম এবং রাজ কুমার। অপরদিকে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন মোস্তফা ইকবাল হৃদয় এবং সানজিদা ইসলাম রোজ। ভোট গননা শেষে প্রাপ্ত ফলাফল থেকে দেখা যায়, মো: সাইফুল ইসলাম ১০০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরাফাত হোসেন অভি পেয়েছে ৪১ ভোট। অপরদিকে, মোস্তফা ইকবাল হৃদয় সর্বোচ্চ ১২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সানজিদা ইসলাম রোজ ১৬ ভোট পেয়েছে।

সফলভাবে ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণার পর প্রধান পৃষ্ঠপোষক আহমেদ পিপুল ডুসাককে আরো গতিশীল এবং সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও, নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সবাইকে নিয়ে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।