অনলাইন ডেস্ক।
রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টির একাধিক বুথে পুনর্নির্বাচন শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে পুনর্নির্বাচন হচ্ছে ৬৯৬টি বুথে। রবিবার রাজ্য নিবার্চন কমিশন জানিয়েছে, সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে ভোটগ্রহণ।
শাসকের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত সবং
পুনর্নির্বাচন শুরুর আগের রাতে উত্তপ্ত হয়ে উঠল সবং। রবিবার রাতে সবংয়ের দাঁদরা অঞ্চলের চাঁদকুড়ি বাজার এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। তারা একে অপরের উপর বাঁশ, লাঠি ইত্যাদি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। এই সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছেন। তাঁরা সবং গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এলাকার তৃণমূলকর্মী তপন কুমার শিটের অভিযোগ, তাঁদের অতর্কিতে আক্রমণ করেন দাঁদরার অঞ্চল সভাপতি আজাদ আলি খান আশ্রিত দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় সকলকে। অন্য দিকে, আজাদের কর্মীদের অভিযোগ, চায়ের দোকানে তাঁদের উপর বিনা প্ররোচনায় হামলা হয়েছে।
অশান্তির বুথে মহিলাদের ভিড়
বারুইপুরের বুথে সকাল থেকে মহিলাদের ভিড়।
বারুইপুরের বুথে সকাল থেকে মহিলাদের ভিড়। নিজস্ব চিত্র।
বারুইপুর পূর্বের বেগমপুর পুরী প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ নম্বর বুথে শনিবার ভোট চলাকালীন অশান্তি হয়। এই বুথ থেকে ব্যালট বাক্স তুলে নিয়ে পাশের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। পরে পুলিশ পুকুর থেকে তা তোলে। সেই বুথে সোমবার সকাল থেকে নতুন করে ভোটগ্রহণ শুরু হয়েছে। মহিলা ভোটারদের সংখ্যা সেখানে চোখে পড়ার মতো। বুথটিতে শুধু গ্রামসভার ভোট হচ্ছে।
কোন জেলার ক’টি বুথে পুনর্নির্বাচন
মুর্শিদাবাদের ১৭৫টি বুথ, মালদহের ১০৯টি বুথ, নদিয়ার ৮৯টি বুথ, কোচবিহারের ৫৩টি বুথ, উত্তর ২৪ পরগনার ৪৬টি বুথ, উত্তর দিনাজপুরের ৪২টি বুথ, দক্ষিণ ২৪ পরগনার ৩৬টি বুথ, পূর্ব মেদিনীপুরের ৩১টি বুথ, হুগলির ২৯টি বুথ, দক্ষিণ দিনাজপুরের ১৮টি বুথ, জলপাইগুড়ি এবং বীরভূমের ১৪টি করে বুথ, পশ্চিম মেদিনীপুরের ১০টি বুথ, হাওড়া এবং বাঁকুড়ার ৮টি করে বুথ, পশ্চিম বর্ধমানের ৬টি বুথ, পুরুলিয়ার ৪টি বুথ, পূর্ব বর্ধমানের ৩টি বুথ এবং আলিপুরদুয়ারের ১টি বুথে সোমবার পুর্নির্বাচন হচ্ছে। ঝাড়গ্রাম, দার্জিলিং এবং কালিম্পংয়ে পুর্নির্বাচন হচ্ছে না।
এক সেকশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট!
রাজ্যে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর অভাব নেই। রবিবার কমিশন জানিয়েছিল, প্রতি বুথে হাফ সেকশন অর্থাৎ চার জন জওয়ান মোতায়েন থাকবে। পরে বিএসএফ জানিয়েছে, প্রতি বুথে মোতায়েন করা হবে এক সেকশন কেন্দ্রীয় বাহিনী।
সবচেয়ে বেশি সংখ্যক বুথে পুনর্নির্বাচন হচ্ছে মুর্শিদাবাদে। ভোটের দিন যে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তার মধ্যে চার জনেরই মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। সোমবার এই জেলারই সবচেয়ে বেশি বুথে আবার ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পুনর্নির্বাচনের বুথের সংখ্যার নিরিখে মুর্শিদাবাদের পরেই রয়েছে মালদহ। ঘটনাচক্রে, ভোটের দিন মৃত্যুর সংখ্যাতেও মুর্শিদাবাদের পরেই রয়েছে এই জেলা। শনিবার সেখানে ভোট ঘিরে হিংসার ঘটনায় তিন জনের মৃত্যু হয়।
৬৯৬ বুথে পুনর্নির্বাচন
রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টিতেই পুনর্নির্বাচন শুরু হয়েছে। সব মিলিয়ে ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। রবিবার রাজ্য নিবার্চন কমিশন জানিয়েছে, সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে ভোটগ্রহণ।
সুত্র: আনন্দ বাজার।